ঘর ভাঙছে দেবাশীষ-তানিয়ার! ...

উপস্থাপক, নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং অভিনেত্রী তানিয়া হোসাইনের ঘর ভাঙছে। সংসার-জীবনের বয়স এক বছর হতে না হতেই তারা আলাদা হয়ে গেছেন। দু'জনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দেবাশীষ-তানিয়ার ডিভোর্স এখন সময়ের ব্যাপার মাত্র। দু'জন দুই ধর্মের হওয়ায় ডিভোর্স হতে সময় লাগছে একটু বেশি। তা না হলে এখনই ডিভোর্স হয়ে যেত।
সূত্রটি আরও জানায়, দেবাশীষ হিন্দু ও তানিয়া মুসলমান হওয়ায় তাদের বিয়ে হয়েছে সোস্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায়। এ-জন্য ডিভোর্স হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
দু'জন আলাদা হওয়ায় দেবাশীষ কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে জানা গেছে। পারিবারিকভাবে তারা নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।
তবে ডিভোর্সের ব্যাপারে কারও কাছে মুখ খুলছেন না। এ-বিষয়ে জানতে চাইলে দেবাশীষ হেসে বললেন, 'এ ব্যাপারে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। ভালো বা মন্দ যা-ই হোক সময় হলে সবাইকে জানানো হবে।' অন্যদিকে তানিয়া গত কয়েক দিন ধরেই তার মায়ের ধানমন্ডির বাসায় থাকছেন। সেখান থেকেই শুটিংয়ে যাচ্ছেন।
বিচ্ছেদ নিয়ে তানিয়া তার কাছের লোকজনের সঙ্গে দেবাশীষের বিরুদ্ধে শৃঙ্খলাবর্জিত নানা অভিযোগ করেছেন। আড়াই বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন দেবাশীষ-তানিয়া। গত বছরের ২৯ এপ্রিল পুরান ঢাকার একটি সরকারি রেজিস্ট্রি অফিসে উভয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রায় সাড়ে তিন বছর আগে গুলশানের টাইম আউট রেস্তোরাঁয় দেবাশীষ বিশ্বাসের সঙ্গে তানিয়া হোসাইনের পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু'জনের মধ্যে। উভয়ের ঘনিষ্ঠ বান্ধবী মডেল ফারজানা বুবলি ছিলেন তাদের সম্পর্ক তৈরির মধ্যমণি।


