বিয়ে তো লুকানোর বিষয় নয়: শখ ...

আনিকা কবির শখ আর নিলয়। বিজ্ঞাপনে যে দুটি মুখ হরহামেশাই যুগলবন্দি, সম্প্রতি তাঁরা গোপনে বাগদান সেরে ফেলেছেন! বাগদানের এ খবরে শখ-নিলয়কে নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। সত্যি সত্যিই কি আংটি বদল করেছেন শখ-নিলয়? মুঠোফোনে যোগাযোগ করা হলে কথার শুরুতেই প্রথম আলো অনলাইনকে শখ বলেন, ‘ভাই আমি বিয়ে করিনি। সত্যি বলছি...। বাগদানের যে খবরটি প্রকাশিত হয়েছে, সেটা পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট।’
নিলয় ও তাঁর সম্পর্ক প্রসঙ্গে শখ বলেন, ‘আমরা এখন ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছি। গুলশানে “অল্প অল্প প্রেমের গল্প” ছবির শুটিং করছি। বেশ কয়েক দিন আমাদের ছবির শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে।’
শখ আরও বলেন, ‘বিয়ে তো লুকানোর বিষয় নয়। বিয়ে যদি করি কিংবা চিন্তা-ভাবনা করি, তাহলে জানাতে দোষ কোথায়।’
তবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক থেকে শখ-নিলয়ের সম্পর্কের কথা জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান শখ।
এ প্রসঙ্গে শখ বলেন, ‘একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যেয়ে আমাদের পরিচয়। এরপর একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের সম্পর্কটা ভালো বন্ধুত্বে রূপ নিয়েছে। এই সম্পর্ককে কেউ বাঁকা চোখে দেখলে তো আমাদের কিছুই বলার নাই।’
শখের বাবা মেয়ের বাগদানের ব্যাপার নিয়ে বলেন, ‘শখ আমার একমাত্র মেয়ে। তাঁর বিয়ে নিয়ে তো লুকোচুরি করার কিছু নাই।’


