Banglatainment
তারকার নববর্ষ উদযাপন ... ...

আসছে বাঙালির প্রাণের উৎসব- বৈশাখ। বাঙালির জাতীয় উৎসবে হয়ে ওঠা বৈশাখের ছোঁয়া লেগেছে সময়ের ব্যস্ত অভিনেত্রী শারমিন জোহা শশীর মনেও। বৈশাখ এলেই অন্যরকম হয়ে যান শশী।
পহেলা বৈশাখের সকালের সাজ সাজ রব, পান্তা-ইলিশ, ভূরিভোজ, ছেলেমেয়েদের লাল পাঞ্জাবি, সাদা শাড়ি, হাতে নানারকমের বাদ্যযন্ত্র- সব মিলিয়ে কী এক উন্মাদনায় হারিয়ে যায় শশীর মন।
পহেলা বৈশাখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। দিনটিকে ঘিরে রয়েছে তার হরেক পরিকল্পনা। খাবার, পোশাক, বেড়ানো সবকিছু নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।
শত ব্যস্ততার মাঝেও এ-দিনটিকে একান্ত নিজের মতো করে স্বাধীনভাবে কাটাতে চান। পহেলা বৈশাখে তার এক ঘণ্টার একক নাটকের শুটিং শিডিউল বাতিল করে নিজেকে মেলাবেন বৈশাখী উৎসবে।
শশী বলেন, বৈশাখের দিন কোনো পেশাদার কাজ করবো না। এদিনটা নিজের মতো করে কাটাতে চাই। আর কী কী করবেন পহেলা বৈশাখে?
উত্তরে শশী বলেন, বিকালে শাড়ি অথবা লাল সাদা রঙের ফতুয়া পড়ে টিএসসিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো। ইচ্ছে মতো সময় কাটাবো। গত বছরও তিনি বন্ধুদের নিয়ে টিএসসিতে আড্ডা দিয়েছি।
বলতে বলতে যেন হঠাৎ ছোটবেলায় ফিরে যান তিনি। শশী বলেন, আমাদের ছেলেবেলায় বৈশাখ নিয়ে এতোটা মাতামাতি ছিল না। তবে খাদ্য তালিকায় ঠিকই একটা বিশেষ আয়োজন থাকতো।
মা বিশেষ কিছু রান্না করতেন। এখনো করেন। আর পান্তাভাত অবশ্যই আগের দিন রান্না করে রাখতেন যেটা আমরা পরের দিন সবাই মিলে নাস্তা করতাম। আয়োজন কম হলেও আনন্দ কম ছিল না।