মহেশ এবার প্রযোজক ...

কিছুদিন আগেই বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন টেনিস তারকা মহেশ ভূপতি ও সাবেক বিশ্বসুন্দরী লারা দত্ত। বিয়ের পর এখনো কোনো জায়গায় মধুচন্দ্রিমা উদযাপনের সুযোগ পাননি তাঁরা।
তাই বলে কি তাঁদের মন খারাপ? মোটেই না। বরং বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন দুই ভুবনের দুই তারকা। সম্প্রতি লারা দত্তের স্বামী মহেশ ভূপতি চলচ্চিত্র প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, মহেশ নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান বিগ ড্যাডি প্রোডাকশনসের মাধ্যমে এ নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন।
এই বিগ ড্যাডি প্রোডাকশনসই দিল্লির প্রযোজনা প্রতিষ্ঠান এরোস ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে লারা দত্তের নতুন ছবি ‘চলো দিল্লি’। প্রযোজকের নতুন দায়িত্বে দারুণ উত্তেজিত মহেশ ভূপতি। তিনি জানান, ‘চলো দিল্লি ছবিটি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি ভাবতেই অন্য রকম লাগছে। আমরা চেষ্টা করব ছবিটিকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার। ছবিটির গল্প ও অন্যান্য বিষয় আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। বেশ আনন্দিত এ ধরনের একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠানকে যুক্ত করতে পেরে।’
আগামী ৬ এপ্রিল ছবিটি বিভিন্ন প্রেক্ষাগ্রহে মুক্তি দেওয়া হবে।


